ফিরে পাওয়া জীবনে: নতুন এডভেঞ্চারের খোঁজে | বাবলু সাহা | পর্ব ১২
এখানে একটি কথা বলে নিই সেটি হচ্ছে মূলত আমি যখন এই রুট দিয়ে আমার ফিরে পাওয়া জীবনে নতুন করে ট্রেক শুরু করলাম, তখন খুবই অসুবিধা হতো পিঠে বেশ ভারী ওজনের স্যাকটি সামলে চলতে। কারণ হাঁটার সময় সর্বদাই আমাকে আমার বাঁ হাত দিয়ে বাঁ দিকের কাঁধের স্ট্র্যাপটা ধরে হাঁটতে হতো, তাই না হলে, সবসময় স্ট্র্যাপটি কাঁধ থেকে খুলে ঝুলে পড়তো, ফলে আমাকে একহাতে ব্যালেন্স করে পথ চলতে হতো, যেটা খুবই অসুবিধাজনক। এরপরে আরও দু-তিনবার ট্রেক করতে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করলাম যে, এটা আসলে কী কারণে হচ্ছে? আগেই বলেছি যে, বহুদিন আগের এক বড় দুর্ঘটনায় (সমতলে) আমার বাঁ দিকের কাঁধের (সোল্ডার) হাড় টি ভেঙে সম্পূর্ণ আলাদাভাবে দু টুকরো হয়ে গিয়েছিল, যা কিনা আর কখনোই জোড়া লাগবেনা। ফলে কাঁধের হাড় দুটি অসমান অবস্থায় অনেকটা উঁচু খোঁচার মতো হয়ে থাকতো সেটা বোঝার পর থেকে, আমি এরপর থেকে ভারী স্যাক কাঁধে নিলেই, স্যকের ডানদিকের খোপে একটি ভারী জলের বোতল রেখে চলতাম, যাতে আর কোন অসুবিধা না হয় দুদিকে সঠিক ব্যালেন্স রাখার জন্য। যাইহোক, এরপর আবার সেই একটানা চলতে চলতে ঝুরো দেওয়াল আর সরু মাটির পথ শেষ হয়ে আমরা এসে পড়লাম, আবার এক জনমানবশূন্য আরেকটি গভীর জঙ্গলে। সামনে-পিছনে ঘন গাছের জঙ্গল ছাড়া আর কিছুই পরিষ্কার দেখা যাচ্ছেনা, তারমধ্যে দিয়েই পথ বের করে চলেছি। প্রসঙ্গত, এই পথে এলাকার কোনও গ্রামবাসী ভুলেও আসেনা, সেটাই স্বাভাবিক। এভাবে যেতে যেতে পিটার আচমকা এক জায়গায় দাঁড়িয়ে গেলো, এমন একটি জঙ্গলে ঘেরা জায়গায়, যেখান দিয়ে যাবার কোন পথের দিশা খুঁজে পাওয়া যাচ্ছেনা। পিটার আমাকে নির্দেশ দিলো, আমি আর সামনের দিকে এক পা ও যেন না এগোই, যেখানে থেমেছি, সেখানেই যেন দাঁড়িয়ে থাকি, পিটার না আসা পর্যন্ত। এই বলে পিটারের পাহাড়ী অনুসন্ধানী দৃষ্টি দিয়ে উপরে ওঠার পথের দিশার সন্ধান পেতে আরেকটু উপরে উঠে জঙ্গলের ঠিক মাঝখানে দাড়িয়ে মনে মনে বিড়বিড় করে চারিদিকে দু-তিন পাক ঘুরে হাতের দিক নির্দেশ করে কিছুক্ষণ পর আমাকে উপরে উঠে অনুসরণ করতে বললো। বেশ চলছিলাম! তখন হঠাৎ করে মুখ তুলতে দেখি পিটার হাওয়া, আমার সামনেই বেশ লম্বা চওড়া নিরেট পাথরের একটি উঁচু দেওয়াল। আচমকা দেওয়ালের ওপার থেকে আওয়াজ এলো, "বাবলুদা, সামনের দেয়ালটা লাফ কেটে ডিঙিয়ে চলে এসো।" দু'বারের চেষ্টায় না পেরে, আমি পিটারকে চিৎকার করে ডাকলাম, আমাকে হাত ধরে উঠতে সাহায্য করার জন্য। কিন্ত ওপাশ থেকে পিটারের কোন সাড়াশব্দ পাওয়া গেলনা।


Comments
Post a Comment