অন্নদামঙ্গল | অর্ঘ্যজ্যোতি দত্ত | কবিতা ৭৪
ঘরের ছেলেমেয়েদের লজেন্স কিনে দেয়া হয়নি কতদিন?
কেঠো ভাঁড়ারে কি শুধুই জল ফুটে যাচ্ছে এখনও?
নতুন সায়া-ব্লাউজ-শাড়ি কিছু কি এসেছে নৈবেদ্য এলাকার দশ নম্বর ওয়ার্ড থেকে?
বলুন মাসিমা, নির্ভয়ে বলুন!
এখানকার সকলেই আপনার সন্তানের মতো।
শুনে যাওয়া ছাড়া শুধু— আমাদের উপায় নেই আর কোনো।
আপনার মরদ নীলকণ্ঠ, তার গলায় ক্যান্সার!
বেচারা কেমো পায়নি বুঝি অনন্তকাল ধরে!
পৃথিবী দগ্ধ হচ্ছে সে’ যন্ত্রণায়,
এইবেলা ভাত না জুটলেও, আপনার স্বামীর কেমোর ব্যবস্থা করাটা অত্যন্ত জরুরি!
হে ধরণী,
ত্রিধা হও।
Comments
Post a Comment