সালতামামি | অনিন্দ্য সরকার | কবিতা ৭১
আমাকে ঘিরে ধরে
আমাকে ঘিরে গোল হয়ে বসে।
সারা বছরের চাওয়া পাওয়া নিয়ে
বিহ্বল যত মাথা হিসেব কষতে থাকে।
শালের বন জুড়ে এ জীবন একা
কোথাও কেউ নেই,
শুধু ডায়েরির পাতারা একমনে হিসেব কষে যায়।
দিনক্ষণ মিলিয়ে হিসেব কষতে কষতে
তাদের মুখ আঁধার হয়ে আসে,
পাওয়ার চেয়ে না পাওয়ার পাল্লাই ভারি
হয়ে উঠলো কি?
অরণ্য ভরিয়ে ঝরে গেছে গাছেদের পাতা
আমারই মতো, কিছুই নেই না আর।
অথচ আকাঙ্ক্ষা,
আঁধারে নক্ষত্রের মতো ফুটে ওঠে
ন্যাড়া গাছে জেগে ওঠে কচি পাতার বীজ।
পুরনো ডায়েরির পাতা ছিঁড়ে ফেলে
পর্ণমোচী এ জীবন দাঁড়িয়ে থাকে অপেক্ষায়।
Comments
Post a Comment