অভিপ্রেত | পৃথ্বীশ মজুমদার | কবিতা ৭৭

এখন অনেকটা সময় পেরিয়ে এসেছি,
দেখো কালচক্র ঘুরে যায়―
দেখো আনন্দগান গাইবে বলে,
ওরা হেঁটে চলে অগণন ক্রোশ

এই শেষ বিকেলে দূরে স্রোতস্বিনীর বুকে,
এসো সমস্ত আক্রোশ মুছে ফেলি;

তাবৎ সংসারে জ্বলুক আলো।

ভরপেটে আদুল ছেলে ঘুমিয়ে 
স্বপ্ন দেখে শস্যপূর্ণা ধরণী অন্নপূর্ণা―
দোলায় চলেছে তাঁর আশীর্বাদ ঘরে ঘরে

তারপর গোপন অস্ত্রে ধার দিয়ে,
ক্রমাগত বুদ্ধির মাথা খেয়ে― সেই চোখ ক্লান্ত;
মুঠোফোনের জানালায় নজরদারিতে

তার ঘরেও নামুক কালবৈশাখী,
দুয়ারে দাঁড়িয়ে থাক কলাগাছ;

আর উঠোন জুড়ে থাকুক আলপনা।

Comments


Popular Posts